ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে তিনটি পৃথক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১৫ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ জামিনের আদেশ দেন।
আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু। তিনি জানান, দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় তার মক্কেলকে জামিন দেওয়া হয়েছে।
মামলাগুলোর মধ্যে রয়েছে আশুলিয়ায় মনিরুজ্জামান হত্যা মামলা, মিরপুরে সাগর হত্যা মামলা এবং আশুলিয়ায় একটি হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলা।
আইনজীবীর ভাষ্যমতে, এসব মামলায় দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট তাকে জামিন দেন।
এর আগে গত বছরের ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করা হয় বলে জানা যায়।
রাজনৈতিক জীবনে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ওই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ (টুলু)-এর কাছে পরাজিত হন।
সাবেক এই সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পীর জামিনের খবরে রাজনৈতিক অঙ্গন ও সাংস্কৃতিক মহলে নানা আলোচনা চলছে।
Leave a Reply