তিস্তা টিভি ডেস্ক
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে আটকে রাখার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। দিনের শেষে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।”
জানা গেছে, সোমবার থেকে Indian Ocean Rim Association-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছান প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।
তবে বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখে। এ সময় তার ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্যে থাকার পর তিনি সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফরের আগে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ সম্পন্ন করা হয়েছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিতও করা হয়। তা সত্ত্বেও বিমানবন্দরে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পরবর্তী সময়ে উচ্চ পর্যায়ের নির্দেশনার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেয়। তবে ততক্ষণে তিনি সফর অব্যাহত না রেখে ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরে কলম্বো হয়ে সোমবার দুপুরে ঢাকায় ফেরেন তিনি।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাওয়া কোনো দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধির ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি সাধারণত বিরল। ফলে ঘটনাটি দুই দেশের কূটনৈতিক মহলেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সার্বিক দিক পর্যালোচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও জানা গেছে।
Leave a Reply