তিস্তা টিভি ডেস্ক
ভারি বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন কয়েকজন পরীক্ষার্থী। এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার (১২ জুলাই) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং খুব শিগগিরই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রী বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত হয়েছে। এ কারণে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে মন্ত্রণালয়। আবহাওয়ার পরিস্থিতি বুঝেই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কোথায় কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, তা পর্যবেক্ষণ করেই পরীক্ষা আয়োজন বা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ড. এহছানুল হক মিলন বলেন, যেসব পরীক্ষা কোনো কারণে নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হবে না, সেগুলোর জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হবে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে পরীক্ষা চলবে, আর কোনো কেন্দ্রে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার। আবহাওয়া ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে পরীক্ষার্থীরা কোনো ধরনের সমস্যায় না পড়ে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
Leave a Reply