স্পোর্টস ডেস্ক:
ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ১১ জুন মাঠে গড়ানোর কথা রয়েছে ফিফা বিশ্বকাপের নতুন আসর। এরই মধ্যে সম্প্রচার স্বত্ব নিয়ে বড় অগ্রগতি হলেও বাংলাদেশে এখনো তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ভারতে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন টুর্নামেন্ট সম্প্রচারের স্বত্ব পেয়েছে জি এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটি সোমবার আনুষ্ঠানিকভাবে জানায়, তারা ২০২৬ ফিফা বিশ্বকাপসহ ২০৩৪ সাল পর্যন্ত মোট ৩৮টি ফিফা ইভেন্টের সম্প্রচার অধিকার অর্জন করেছে। তবে চুক্তির আর্থিক বিস্তারিত প্রকাশ করা হয়নি।
ভারতীয় গণমাধ্যমের দাবি, এই চুক্তির মূল্য প্রায় ৩০ থেকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে হতে পারে। এতে দেশটির দর্শকরা তুলনামূলক স্বল্প খরচে বিশ্বকাপসহ বড় টুর্নামেন্ট দেখার সুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ফিফা প্রথমে ভারতের জন্য প্রায় ১০০ মিলিয়ন ডলারের প্যাকেজ প্রস্তাব করেছিল। পরে আলোচনা শেষে সেই মূল্য কমিয়ে প্রায় ৬০ মিলিয়ন ডলারে আনা হয়। এর আগেই চীনেও বড় অঙ্কের চুক্তির মাধ্যমে ২০২৬ বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব নিশ্চিত হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি (CMG) প্রায় ৬০ মিলিয়ন ডলারে ওই অঞ্চলের একচেটিয়া সম্প্রচার স্বত্ব কিনে নেয় বলে জানা গেছে।
ভারত ও চীনে সম্প্রচার চূড়ান্ত হলেও দক্ষিণ এশিয়ার আরেক গুরুত্বপূর্ণ বাজার বাংলাদেশে পরিস্থিতি এখনো অনিশ্চিত। ফিফার পক্ষ থেকে বাংলাদেশে ২০২৬ বিশ্বকাপ সম্প্রচারের জন্য প্রায় ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলার (প্রায় ১৫০ কোটি টাকা) চাওয়া হয়েছে। কর, ভ্যাট ও অন্যান্য ব্যয় যুক্ত হলে মোট খরচ ২০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।
এই উচ্চমূল্যের কারণে এখনো কোনো টেলিভিশন চ্যানেল বা সম্প্রচার প্রতিষ্ঠান চূড়ান্তভাবে স্বত্ব নিতে পারেনি। ফলে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে বিশ্বকাপ দেখা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যয় কমিয়ে সম্প্রচারের সম্ভাবনা খুঁজতে আলোচনা অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে আজ নতুন করে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে দেশের কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল যৌথভাবে স্বত্ব নেওয়ার বিষয়ে আলোচনা করছে।
সূত্র জানায়, সম্ভাব্য উদ্যোগের মধ্যে রয়েছে টি-স্পোর্টস এবং স্টার নিউজের যৌথ পরিকল্পনা, পাশাপাশি দুবাইভিত্তিক একটি সম্প্রচার প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিয়েও আলোচনা চলছে।
সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভিতে বিনামূল্যে বিশ্বকাপ দেখানোর প্রস্তাব দেওয়া হলেও ফিফা এখনো তাতে সম্মতি দেয়নি বলে জানা গেছে।
সব মিলিয়ে ভারত ও চীন ইতোমধ্যে সম্প্রচার স্বত্ব নিশ্চিত করলেও বাংলাদেশে বিশ্বকাপ দেখা যাবে কি না—তা এখনো বড় প্রশ্ন হয়ে রয়েছে।
Leave a Reply