তিস্তা টিভি ডেস্ক
দেশের ফুটবলপ্রেমীদের জন্য ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ম্যাচগুলো সহজে সম্প্রচারের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-কে বিশেষ কর সুবিধা দিয়েছে সরকার। বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব (ব্রডকাস্টিং রাইটস) ক্রয়ের ক্ষেত্রে বিটিভিকে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা এ প্রজ্ঞাপন ইতোমধ্যে বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে। এর ফলে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব সংগ্রহে বিটিভির আর্থিক ব্যয় কমবে এবং দর্শকদের জন্য টুর্নামেন্ট সম্প্রচারের পথ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভ্যাট অব্যাহতির সুবিধা কেবলমাত্র বাংলাদেশ টেলিভিশনের বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ, বিটিভি যে অর্থ ব্যয় করে সম্প্রচারস্বত্ব অর্জন করবে, সেই ব্যয়ের ওপর প্রযোজ্য ভ্যাট মওকুফ করা হবে।
তবে এই সুবিধা অন্য কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বিশেষ করে বিটিভির কাছ থেকে সম্প্রচারের অধিকার গ্রহণকারী কোনো সাব-লাইসেন্সি বা ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম ভ্যাট অব্যাহতির আওতায় আসবে না বলে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।
সরকার এ সুবিধার সঙ্গে কিছু শর্তও যুক্ত করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সম্প্রচারস্বত্বের মূল্য পরিশোধের ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সব আর্থিক হিসাব ও প্রয়োজনীয় বিবরণী সংশ্লিষ্ট মূসক কমিশনারেটের কাছে জমা দিতে হবে। নির্ধারিত শর্ত লঙ্ঘন করলে প্রচলিত ভ্যাট আইন অনুযায়ী প্রাপ্য কর আদায়সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভির মাধ্যমে দেশের কোটি কোটি দর্শক ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ম্যাচ উপভোগের সুযোগ আরও সহজভাবে পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Leave a Reply