তিস্তা টিভি ডেস্ক
স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে শুধু বদলি নয়, সরাসরি চাকরিচ্যুত করা হবে।
শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে ‘নরসিংদী ডায়াবেটিক সমিতির’ ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যেখানে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হবে, সেখানে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, বদলি নয়, বরং জবাবদিহিতা নিশ্চিত করতে চাকরিচ্যুতির মতো কঠোর ব্যবস্থা নেওয়াই হবে সরকারের নীতি। ঘুষ ও অনিয়ম বন্ধে স্বাস্থ্য প্রশাসনকে কঠোরভাবে পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
স্বাস্থ্যখাতের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী জানান, প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোকে আধুনিকায়ন করে নতুনভাবে সাজানো হবে এবং সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, পরিবার পরিকল্পনা সেবাকেন্দ্রগুলোকে উন্নত করা হবে, যাতে প্রান্তিক জনগণ আরও ভালো সেবা পায়। সরকারের লক্ষ্য হলো স্বাস্থ্যখাতে একটি বড় পরিবর্তন আনা, যা জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বছরের বাজেটকে ‘আদর্শ বাজেট’ হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই বাজেটের প্রতিটি পরিকল্পনা দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে। স্বাস্থ্যখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়া। উদ্বোধনী বক্তব্য দেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
এছাড়া উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মন্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।
Leave a Reply