1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 28, 2026, 3:05 pm

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, June 28, 2026
  • 16 Time View

তিস্তা টিভি ডেস্ক

পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিকভাবে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরস্থ স্পারসোর প্রধান কার্যালয়ে পৌঁছান।

সরকারপ্রধানের এ আকস্মিক সফরে স্পারসো চত্বরে তৈরি হয় ব্যস্ততা ও নতুন উদ্দীপনা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এই গবেষণা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান গবেষণা ও প্রযুক্তিগত কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রম, গবেষণা অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেন। পরে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, উপগ্রহ প্রযুক্তি, দূর অনুধাবন কার্যক্রম এবং চলমান প্রকল্পগুলো তুলে ধরেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে আরও আধুনিক, দক্ষ এবং স্বনির্ভর একটি জাতীয় গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মহাকাশ প্রযুক্তি ও দূর অনুধাবন খাতে দেশের সক্ষমতা বাড়াতে স্পারসোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে, যা জাতীয় নিরাপত্তা ও উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি সংশ্লিষ্টদের গবেষণার মানোন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে আরও আন্তরিক হওয়ার নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, স্পারসো (বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান) দেশের মহাকাশ বিজ্ঞান, স্যাটেলাইট প্রযুক্তি এবং রিমোট সেন্সিং খাতে গবেষণা ও প্রয়োগমূলক কার্যক্রম পরিচালনাকারী জাতীয় প্রতিষ্ঠান। কৃষি, আবহাওয়া, পরিবেশ পর্যবেক্ষণসহ বিভিন্ন উন্নয়ন খাতে এর প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV