ডেস্ক রিপোর্ট
এশিয়ান কাপ বাছাই পর্বে আজ সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। সিঙ্গাপুরের কালাং জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। বাফুফের সঙ্গে চুক্তি অনুযায়ী, এই ম্যাচটিই কোচ হাভিয়ের কাবরেরা-র শেষ দায়িত্ব পালন। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া-রা।
বাছাই পর্বে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহ ৫ পয়েন্ট। ‘বি’ গ্রুপে চার দলের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। শীর্ষে থাকা সিঙ্গাপুরের পয়েন্ট ১১, আর ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে হংকং। ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ভারত। আজকের ম্যাচে জয় পেলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ রয়েছে বাংলাদেশের। সেই লক্ষ্য নিয়েই বাছাই পর্বের মিশন শেষ করতে চায় কোচ কাবরেরার দল।
শেষ ম্যাচটিকে ঘিরে বাড়তি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। এই ম্যাচ জিততে পারলে ফিফা র্যাংকিংয়েও উন্নতির সুযোগ তৈরি হবে। পাশাপাশি সিঙ্গাপুরের বিপক্ষে এখনো জয় না পাওয়ার আক্ষেপ ঘোচানোর সুযোগও থাকছে। তবে কাজটা সহজ হবে না। র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৪৫ ধাপ এগিয়ে রয়েছে সিঙ্গাপুর। তারা এশিয়ান কাপ বাছাইয়ে পাঁচ ম্যাচে অপরাজিত থেকে ইতোমধ্যে মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে।
নিজেদের মাঠে শেষ ম্যাচে জয় দিয়ে উৎসব করতে চাইবে সিঙ্গাপুরও। অতীত পরিসংখ্যানেও এগিয়ে তারা। সিঙ্গাপুরের বিপক্ষে ড্র করলেও এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সর্বশেষ গত জুনে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ২-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
সব মিলিয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়া কঠিন চ্যালেঞ্জ হলেও আত্মবিশ্বাস হারাচ্ছে না বাংলাদেশ। এই ম্যাচের আগে র্যাংকিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল তারা, যেখানে ৩-০ গোলে পরাজিত হয়। তবে সেই ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে সিঙ্গাপুরের মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে মুখিয়ে আছে বাংলাদেশ দল।
Leave a Reply