তিস্তা নিউজ ডেস্ক:
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের আধিপত্য ধরে রেখেই যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেপালের পোখারার রঙ্গশালায় বাংলাদেশ ভুটানকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়। ম্যাচ জুড়ে লাল-সবুজের মেয়েদের একক আধিপত্য ছিল চোখে পড়ার মতো। ভুটানের রক্ষণভাগকে তছনছ করে পুরো ম্যাচ নিয়ন্ত্রণে রাখে পিটার বাটলারের দল।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম গোলটি আসতে কিছুটা সময় লাগে। ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোলটি করেন মামনি চাকমা। কর্নার থেকে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে জড়ানো এই গোলটি ছিল ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত। জালে যাওয়ার আগে বল কি ভুটানের গোলকিপারের হাতে লেগেছে, রিপ্লেতে তা পরিষ্কার বোঝা যায়নি। মামনির গোলের পর বাংলাদেশের আক্রমণ আরও তীব্র হয়। প্রথমার্ধের শেষ নাগাদ আরও দুটি গোল করে দল ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।
বিরতির পর আক্রমণ আরও বাড়িয়ে বাংলাদেশ একের পর এক গোল তুলে নেয়। আলপি আক্তার ও মুনকি আক্তারের আক্রমণাত্মক খেলায় ভুটানের রক্ষণ ভেঙে পড়ে। পঞ্চম গোল হজম করার পর ভুটান গোলকিপার পরিবর্তন করতে বাধ্য হয়, তবু তাতে তেমন কাজ হয়নি। ৫৯ মিনিটে বাংলাদেশ ষষ্ঠ গোলটি নিশ্চিত করে এবং বাকি সময়ে আরও ছয়টি গোল আসে। ম্যাচ শেষে লাল-সবুজের মেয়েরা ১২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।
পোখারার রঙ্গশালার মাঠ পরিস্থিতি সুবিধাজনক ছিল না। মাঠের অনেক জায়গায় ঘাস ছিল না এবং মাটি এবড়োখেবড়ো। এমন প্রতিকূলতায় শুরুতে কিছুটা বেগ পেতে হলেও মেয়েরা সময়ের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়।
চার জাতির টুর্নামেন্টে বাকি দুই দল স্বাগতিক নেপাল ও ভারত আজ দুপুর ৩.১৫ মিনিটে মুখোমুখি হবে। লিগ ভিত্তিক এই টুর্নামেন্টে শীর্ষ দুই দল ৭ ফেব্রুয়ারি ফাইনালে খেলবে। সাফ অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে এখন পর্যন্ত ৬টি টুর্নামেন্টের মধ্যে ৫টিতেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ২০২৪ সালে ঢাকায় সর্বশেষ সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে বাংলাদেশ-ভারত যৌথ চ্যাম্পিয়ন হয়। গত বছরও ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবারও মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়েই লাল-সবুজের মেয়েরা মিশন শুরু করেছে।
Leave a Reply