ডেস্ক রিপোর্ট
পাকিস্তান ও আর্জেন্টিনার মধ্যে একটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর কর্মকর্তাদের মধ্যে একটি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শুধু সম্ভাব্য ম্যাচ নয়, কোচিং উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি এবং ফুটবলের সামগ্রিক অগ্রগতি নিয়েও বিস্তৃত আলোচনা হয়। আর্জেন্টিনার অভিজ্ঞ কোচদের একটি কাঠামোবদ্ধ উন্নয়ন পরিকল্পনার আওতায় পাকিস্তানে পাঠানোর বিষয়টিও আলোচনায় উঠে আসে।
আর্জেন্টিনায় পাকিস্তান মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এএফএ পাকিস্তান’ ব্র্যান্ড চালুর পর দুই দেশের ফুটবল সংস্থাকে একটি ফলপ্রসূ ও ভবিষ্যতমুখী আলোচনায় যুক্ত করা সম্ভব হয়েছে।
এই বৈঠকে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত হাসান আফজাল খান। এতে পিএফএফ সভাপতি সৈয়দ মহসিন গিলানি ও তার প্রতিনিধিদল এবং এএফএর মার্কেটিং পরিচালক ফ্রান্সিসকো লেম্মি অংশ নেন।
রাষ্ট্রদূত হাসান আফজাল খান এই উদ্যোগকে পাকিস্তানে ফুটবলের বিকাশে সহযোগিতা বৃদ্ধির একটি বড় সুযোগ হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে গিলানি এএফএর আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, এই অংশীদারিত্বকে দীর্ঘমেয়াদে টেকসই ও কাঠামোবদ্ধভাবে গড়ে তোলা জরুরি।
সবকিছু চূড়ান্ত হলে প্রস্তাবিত প্রীতি ম্যাচটি ফিফা বিশ্বকাপের পর আয়োজন করা হতে পারে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো চুক্তিতে পৌঁছাতে হলে আরও সমন্বয় প্রয়োজন।
Leave a Reply