ডেস্ক রিপোর্ট
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যের স্কোয়াড প্রকাশ করা হয়।
সম্প্রতি প্রশাসনিক পরিবর্তনের মধ্য দিয়ে নতুন নেতৃত্বে এসেছে বিসিবি। সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগের তদন্ত শেষে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গত ৭ এপ্রিল ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। নতুন এই কমিটির নেতৃত্বে আছেন তামিম ইকবাল। তিন মাসের জন্য দায়িত্ব পাওয়া এই বোর্ডের সামনে প্রথম বড় চ্যালেঞ্জ ছিল নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা।
নতুন বোর্ড কাদের দলে রাখবে, কারা বাদ পড়বেন—এসব নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যেই অবশেষে স্কোয়াড প্রকাশ করা হয়। তবে ঘোষিত দলে তেমন কোনো চমক দেখা যায়নি। সর্বশেষ পাকিস্তান সিরিজে যে ওয়ানডে দল ছিল, মূলত সেই দলকেই বহাল রাখা হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৭ এপ্রিল ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি হবে ২০ এপ্রিল। সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।
ওয়ানডের পর শুরু হবে টি-২০ সিরিজ। প্রথম ম্যাচ ২৭ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ ২৯ এপ্রিল এবং সিরিজের শেষ ম্যাচ ২ মে মিরপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
নতুন নেতৃত্বে প্রথম সিরিজেই কেমন পারফরম্যান্স করে বাংলাদেশ দল, সেটিই এখন দেখার অপেক্ষা।
Leave a Reply