তিস্তা নিউজ ডেস্ক
হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার নির্ধারিত সময়ের আগেই টিকাদান কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে হামের টিকা কার্যক্রম শুরু হবে, যা পূর্বনির্ধারিত সময়ের তুলনায় ১৪ দিন এগিয়ে আনা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে বক্তব্য দেন তিনি। এ সময় হামের প্রাদুর্ভাব নিয়ে জরুরি নোটিশ উত্থাপন করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে হামের টিকার কোনো সংকট নেই এবং মজুত স্থিতিশীল রয়েছে।
তিনি বলেন, অতীতে টিকা ব্যবস্থাপনায় অবহেলা থাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল, তবে বর্তমান সরকার তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রয়োজনীয় টিকা সংগ্রহ নিশ্চিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরও জানান, ইতোমধ্যে ২ কোটি ১৯ লাখ ডোজ হাম-রুবেলা টিকা সংগ্রহ করা হয়েছে এবং অতিরিক্ত মজুতও রয়েছে। দুর্নীতি ও বিলম্ব এড়াতে প্রচলিত টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে। ৫ এপ্রিল থেকেই ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে ৩৪ লাখ ৮৩ হাজার ডোজ টিকা সরবরাহ করে কার্যক্রম শুরু হয়েছে।
একটি ভায়ালে ১০ ডোজ টিকা ব্যবহার করা সম্ভব বলে জানিয়ে তিনি বলেন, টিকার কোল্ড চেইন সঠিকভাবে বজায় রাখা হচ্ছে। এছাড়া স্বাস্থ্যখাতের কর্মীদের বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে এবং অন্যান্য সমস্যাও সমাধানের প্রক্রিয়ায় রয়েছে।
সরকার আশা করছে, এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের শিশুদের হামের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে।
Leave a Reply