ক্রীড়া ডেস্ক
গত অক্টোবরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
এনএসসি জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে নতুন করে নির্বাচন আয়োজন করা হবে। এই অন্তর্বর্তী সময়ে বিসিবির কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটিকে।
এই কমিটির নেতৃত্বে আনা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনারদের একজন তামিম ইকবাল-কে। সর্বশেষ বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও অনিয়মের অভিযোগ তুলে তিনি সরে দাঁড়িয়েছিলেন। পরবর্তীতে সেই অনিয়ম প্রমাণিত হওয়ায় এবার তাকেই অন্তর্বর্তীকালীন প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
ক্রিকেট অঙ্গনের অভিজ্ঞতা থেকে কমিটিতে রাখা হয়েছে সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু এবং সাবেক তারকা ক্রিকেটার আতহার আলী খান-কে।
এছাড়া প্রশাসনিক ও অন্যান্য খাত থেকেও যুক্ত করা হয়েছে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে। তাদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম, যিনি ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।
কমিটিতে জায়গা পেয়েছেন মির্জা ইয়াসির আব্বাস, যিনি ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে এবং ঢাকা ব্যাংক লিমিটেড-এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা।
একইসঙ্গে অন্তর্ভুক্ত হয়েছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ ইব্রাহীম আহমেদ এবং চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু।
ব্যবসায়িক ও ক্রিকেট প্রশাসনের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের মধ্যেও জায়গা হয়েছে কয়েকজনের। তাদের মধ্যে রয়েছেন ইস্পাহানী লিমিটেড-এর শীর্ষ কর্মকর্তা মির্জা সালমান ইস্পাহানি, বিসিবির সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবু এবং প্রয়াত ক্রিকেট সংগঠক আফজালুর রহমান সিনহার ছেলে ও সাবেক পরিচালক ফাহিম সিনহা।
এছাড়া ক্লাব ক্রিকেট থেকেও প্রতিনিধিত্ব রাখা হয়েছে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কর্ণধার ও বিসিবির সাবেক পরিচালক তানজিল চৌধুরী-কেও রাখা হয়েছে এই আহ্বায়ক কমিটিতে।
নতুন এই কমিটি আগামী নির্বাচন পর্যন্ত বিসিবির কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছে এনএসসি।
Leave a Reply