ক্রিড়া ডেস্ক
সাম্প্রতিক সিরিজে দলে থাকলেও এক ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি সৌম্য সরকার। বিষয়টি নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নানা আলোচনা ও প্রশ্ন। শেষ পর্যন্ত এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি সিরিজের শেষ ম্যাচেও পরিস্থিতি ছিল অনেকটা ‘ফাইনাল’-এর মতো। সেই ম্যাচে সৌম্য সরকারের দুর্দান্ত ৯১ রানের ইনিংস বাংলাদেশের জয়কে সহজ করে দিয়েছিল এবং তিনি হয়েছিলেন ম্যাচসেরা। কিন্তু অবাক করার বিষয় হলো, পরের সিরিজে দলে থাকলেও এক ম্যাচেও তাকে খেলানো হয়নি।
সিরিজের প্রথম দুই ম্যাচে ওপেনার সাইফ হাসান ব্যাট হাতে ভালো করতে পারেননি। দুই ইনিংসে তিনি ২০ রানও করতে পারেননি। ফলে তৃতীয় ম্যাচে তার জায়গায় কিংবা অন্তত রোটেশন পলিসির ভিত্তিতে সৌম্য সরকারকে সুযোগ দেওয়া হতে পারে—এমনটাই ধারণা করেছিলেন অনেকেই। কিন্তু শেষ ম্যাচেও একাদশে জায়গা হয়নি সৌম্যের।
বিষয়টি কার্যত পরিষ্কার হয়ে গিয়েছিল ম্যাচের আগের রাতেই। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন সৌম্য, যেখানে তাকে মাঠের বাইরে হাতে পানির বোতল নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। পুরো সিরিজজুড়েই তাকে এই ভূমিকায় থাকতে হয়েছে।
অধিনায়ক মিরাজ জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে সৌম্য ছন্দে ছিলেন না বলেই তাকে খেলানো হয়নি। তার ভাষায়, ঘরোয়া ক্রিকেটেও সৌম্য প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি। তবে অনুশীলনে সৌম্যের পরিশ্রমের প্রশংসা করেন তিনি।
মিরাজ আরও জানান, ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানকে সুযোগ দিয়ে তাদের ফর্মে ফেরানোর পরিকল্পনা থেকেই টানা তিন ম্যাচে তাদের খেলানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যৎ সিরিজের পরিকল্পনাও মাথায় রাখা হয়েছিল।
তবে সৌম্য সরকার যে ভবিষ্যতে সুযোগ পাবেন, সেটাও নিশ্চিত করেছেন অধিনায়ক। তার মতে, কোনো ব্যাটারকে দলে সুযোগ দিলে তাকে অন্তত কয়েকটি ম্যাচ খেলার সুযোগ দেওয়া উচিত, যাতে সে নিজেকে প্রমাণ করার যথেষ্ট সময় পায়।
Leave a Reply