আন্তর্জাতিক ডেস্ক:
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ের হারারে ক্রিকেট গ্রাউন্ডে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতে উদ্বোধনী জুটিতে আসে মাত্র ২০ রান। এরপর ক্রিজে নামেন অধিনায়ক আয়ুস মাত্রে। তাকে সঙ্গে নিয়েই চার–ছক্কার ফুলঝুরিতে ইংলিশ বোলারদের তুলোধূনো করতে থাকেন ওপেনার বৈভব সূর্যবংশী।
মাত্র ৯০ বলেই দ্বিতীয় উইকেটে দুজন মিলে গড়েন ১৪০ রানের ঝড়ো জুটি। ৫৩ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন মাত্রে। তবে অন্য প্রান্তে ভয়ংকর রূপ ধারণ করেন বৈভব। মাত্র ৫৫ বলে সেঞ্চুরি করে যুব বিশ্বকাপের ফাইনালে দ্রুততম শতকের রেকর্ড গড়েন তিনি। শেষ পর্যন্ত ৮০ বলে ১৭৫ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলে আউট হন এই কিশোর ওপেনার। তার ইনিংসে ছিল ১৫টি চার ও সমানসংখ্যক ছয়।
বৈভবের বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করেই নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪১১ রান সংগ্রহ করে ভারত। ইংল্যান্ডের হয়ে জেমস মিন্টো সর্বোচ্চ তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট পান সেবাস্টিয়ান মরগান ও অ্যালেক্স গ্রিন।
৪১২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড দ্রুত রান তুললেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। রানরেট ধরে রাখতে গিয়ে চাপে পড়ে যায় তারা। ওপেনার বেন ডাওকিনস ফিফটি করেন, আউট হওয়ার আগে করেন ৫৬ বলে ৬৬ রান। মাঝের সারিতে বেন মেয়ার্স ৪৫ ও থমাস রে ৩১ রান করেন।
শেষ দিকে ক্যালেব ফালকনোর একাই লড়াই চালিয়ে যান। মাত্র ৭০ বলে তিনি করেন ১২০ রান। পরে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ৬৭ বলে ১১৫ রান করে। তার সেঞ্চুরির কারণেই ১৭৭ রানে ৭ উইকেট হারানো ইংল্যান্ড ৩১১ রান পর্যন্ত যেতে সক্ষম হয়। তবে হাতে তখনও ছিল ৫৮ বল। শেষ পর্যন্ত ৩১১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
ভারতের হয়ে আরএস এব্রিস তিনটি উইকেট নেন। দিপেশ ও চৌহান নেন দুটি করে উইকেট। ১০০ রানের বড় ব্যবধানে জয় পেয়ে ২০২৬ আইসিসি অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ভারত।
এই ম্যাচে ভারতের ৪১১ রান আইসিসি বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে—ছেলে ও মেয়ে, সিনিয়র ও জুনিয়র মিলিয়ে—সর্বোচ্চ দলীয় সংগ্রহ। একই সঙ্গে এটি ভারতের অনূর্ধ্ব–১৯ দলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা।
জয়ের নায়ক বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সী এই ওপেনার যুব ওয়ানডের কোনো ফাইনাল বা নকআউট ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েছেন। তার ১৭৫ রানের ইনিংসটি ছেলে ও মেয়েদের সব আইসিসি টুর্নামেন্ট ফাইনাল মিলিয়ে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর হিসেবেও জায়গা করে নিয়েছে।
Leave a Reply