1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 3, 2026, 5:46 pm

বড় ম্যাচে বড় জয়—ইউনাইটেডের কাছে থামল আর্সেনাল

Reporter Name
  • Update Time : Monday, January 26, 2026
  • 139 Time View

তিস্তা নিউজ ডেস্ক:

রবিবার নর্থ লন্ডনে আর্সেনালের বিপক্ষে নাটকীয় ৩-২ গোলের জয় তুলে নিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে প্যাট্রিক ডর্গু ও বদলি খেলোয়াড় মাতেউস কুনিয়ার দুর্দান্ত দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সফরকারীরা।

এই ম্যাচে জয় পেলে আর্সেনাল ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার থেকে সাত পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ পেত। কিন্তু ঘরের মাঠে মৌসুমের প্রথম হারের কারণে সেই সুযোগ হাতছাড়া হয় মিকেল আর্তেতার দলের। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি আর্সেনালের টানা তৃতীয় ম্যাচ, যেখানে তারা জয় পায়নি।

ম্যাচের শুরুটা ছিল আর্সেনালের জন্য স্বপ্নের মতো। ২৯ মিনিটে ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এমিরেটস স্টেডিয়ামে তখন উৎসবের আমেজ। মাঝমাঠে দাপট দেখাচ্ছিল আর্সেনাল, মনে হচ্ছিল ম্যাচ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণেই।

কিন্তু ৩৭ মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় একটি ভুল। আর্সেনালের মার্টিন সুবিমেন্দির বাজে ব্যাক পাস পেয়ে বল কেড়ে নেন ব্রায়ান এমবেউমো, সহজ শটে গোল করে সমতা ফেরান তিনি। এই গোল ইউনাইটেডকে নতুন করে আত্মবিশ্বাস দেয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আঘাত হানে ইউনাইটেড। ৫০ মিনিটে প্যাট্রিক ডর্গু বাঁ পায়ের দুর্দান্ত ভলিতে গোল করেন। বল ক্রসবারে লেগে জালে ঢুকে যায়, গোলরক্ষক ডেভিড রায়ার পক্ষে কিছুই করার ছিল না। এই গোলে প্রথমবারের মতো ম্যাচে এগিয়ে যায় অতিথিরা।

৮৪ মিনিটে বদলি খেলোয়াড় মিকেল মেরিনো কাছ থেকে বল জালে ঠেলে দিলে সমতায় ফেরে আর্সেনাল। তখন মনে হচ্ছিল উত্তেজনাপূর্ণ ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছে।

কিন্তু শেষ কথা বলার অপেক্ষায় ছিল ইউনাইটেড। বদলি হিসেবে নামা মাতেউস কুনিয়া সামনে এগিয়ে এসে প্রায় ২৫ মিটার দূর থেকে নিচু শটে গোল করেন। রায়ার ঝাঁপও সেই শট ঠেকাতে পারেনি। অতিথি সমর্থকদের উল্লাসে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় এমিরেটস স্টেডিয়াম।

এই জয়ে ২০১৭ সালের পর প্রথমবার লিগে আর্সেনালের মাঠে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ২৩ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে চতুর্থ স্থানে। শিরোপা দৌড়ে সরাসরি না থাকলেও, অন্তর্বর্তী কোচ মাইকেল ক্যারিক দায়িত্ব নেওয়ার পর দলটিতে নতুন আশার সঞ্চার হয়েছে। এর আগে গত সপ্তাহেই তার অধীনে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছিল ইউনাইটেড।

অন্যদিকে, আর্সেনালের পয়েন্ট ২৩ ম্যাচে ৫০। সিটি ও অ্যাস্টন ভিলা সমান ৪৬ পয়েন্ট নিয়ে তাদের পেছনে রয়েছে। শিরোপা লড়াই তাই আরও জমে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV