নিজস্ব প্রতিনিধি,
টস শেষে খেলার শুরুতে হাত মেলানো ক্রিকেট সহ যে কোনো খেলারই একটি ঐতিহ্য। তবে শেষ কিছুদিন ধরেই এটি এড়িয়ে যাওয়া হয়ে দাঁড়িয়েছে প্রতিবাদের অভিনব এক মাধ্যম হিসেবে। এবার সেই ট্রেন্ডে নাম লেখালেন বাংলাদেশের ‘প্রতিনিধি’ জাওয়াদ আবরার। টস শেষে ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রের সঙ্গে তিনি হাত মেলাননি। দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক শেষ এক বছরে বরফ জমে যাওয়ায় এই আচরণ স্পষ্ট প্রতীক হয়ে দাঁড়িয়েছে। গত বছর বাংলাদেশ সফরে আসে নি ভারত, এবং চলতি বছরের শুরুতে ভারতের ‘চলমান পরিস্থিতি’ দেখে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেঁটে ফেলার নির্দেশ দেয় বিসিসিআই। এরপর থেকে বিসিবির সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। নিরাপত্তার কারণে বাংলাদেশ ভারত গিয়ে বিশ্বকাপ খেলতেও অস্বীকৃতি জানিয়েছে আইসিসির কাছে।
এই পরিস্থিতিতে অ-১৯ বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়। প্রথম ম্যাচের টস শেষে ভারত অধিনায়কের সঙ্গে হাত মেলাননি জাওয়াদ আবরার। বৃষ্টির কারণে টস কিছুটা দেরিতে হয়। টসে অংশ নেওয়ার কথা ছিল আজিজুল হাকিম তামিমের, কিন্তু অনিবার্য কারণে উপস্থিত না থাকায় জাওয়াদ এগিয়ে যান। বুলাওয়ের ভেজা উইকেটকে কাজে লাগাতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।
দুই দলের প্রতিনিধির হাত না মেলানো দৃশ্য আলোচনায় এসেছে। এর আগে এমন দৃশ্য দেখা গিয়েছে ভারত-পাকিস্তান ম্যাচে, যেখানে এশিয়া কাপে তিন ম্যাচের একটিতেও অধিনায়করা হাত মেলাননি। এবার দুই বোর্ডের চলমান টানাপোড়েনের কারণে বাংলাদেশ-ভারত ম্যাচেও এই দৃশ্য ফুটে উঠেছে। যুব ক্রিকেটে ভারতের বিপক্ষে শেষ চার ম্যাচের মধ্যে বাংলাদেশ তিনটিতে জয় পেয়েছে এবং এবারও তারা সেই ধারাকে ধরে রাখতে চাইছে।
Leave a Reply