নিজস্ব প্রতিনিধি,
আইপিএল থেকে আকস্মিকভাবে বাদ পড়ার পর আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন গন্তব্য খুঁজে নিলেন মুস্তাফিজুর রহমান। ভারতের লিগে অনিশ্চয়তার মধ্যেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে নিবন্ধন সম্পন্ন করেছেন এই বাঁহাতি পেসার। শুধু মুস্তাফিজ নন, এবার পিএসএলের ড্রাফট তালিকায় জায়গা করে নিয়েছেন মোট ১০ জন বাংলাদেশি ক্রিকেটার।
পিএসএলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজকে স্বাগত জানানো হয়, যেখানে তাকে ‘কাটার মাস্টার’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আইপিএল অধ্যায়ের হঠাৎ সমাপ্তির পর পিএসএল এখন তার আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারের নতুন ঠিকানা। পাকিস্তানের গণমাধ্যম ডেইলি পাকিস্তান জানিয়েছে, পিএসএল–১১-এর জন্য বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন চলছে এবং ২০ জানুয়ারি পর্যন্ত সুযোগ খোলা থাকবে। তালিকায় মুস্তাফিজ ছাড়াও সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিমসহ আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে।
এবারের পিএসএল শুরু হবে ২৩ মার্চ, যা কাকতালীয়ভাবে আইপিএলের সঙ্গে মিল রয়েছে। আট দল নিয়ে আয়োজিত টুর্নামেন্ট চলবে ৩ মে পর্যন্ত। মুস্তাফিজ ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলে ইতিমধ্যেই অভিজ্ঞতা অর্জন করেছেন। বর্তমান ফর্মের কারণে এবারের আসরে তার দল পাওয়া নিয়ে আশাবাদী ক্রিকেট সংশ্লিষ্টরা।
Leave a Reply