পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ঘিরে মুস্তাফিজুর রহমানকে নিয়ে উত্তেজনা তুঙ্গে উঠেছে। মঙ্গলবার পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ইঙ্গিতপূর্ণ বার্তায় এই উত্তেজনা আরও বাড়ে। সেখানে লেখা হয়, “ব্যাটাররা একটু নড়েচড়ে বসো, মুস্তাফিজ আসছে।” যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন বাংলাদেশের এই কাটার মাস্টার।
পাকিস্তানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পিএসএলে খেলার জন্য ইতোমধ্যেই নিবন্ধন সম্পন্ন করেছেন মুস্তাফিজুর রহমান। তিনি রয়েছেন নিলামের শীর্ষ ক্যাটাগরিতে এবং আগামী ১ ফেব্রুয়ারির ড্রাফটে তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। বিশেষ করে নতুন দুটি দল তাকে দলে নেওয়ার ব্যাপারে আগাম আলোচনায় আগ্রহ দেখাতে পারে বলে জানা গেছে।
এবারের পিএসএল হবে আরও বড় পরিসরের। লিগের ১১তম আসরে যুক্ত হচ্ছে দুটি নতুন দল, ফলে প্রতিযোগিতার পরিধিও বাড়ছে। আগামী ২৬ মার্চ শুরু হবে এবারের পিএসএল, যেদিন একই সঙ্গে শুরু হওয়ার কথা আইপিএলেরও। পিএসএল চলবে ৩ মে পর্যন্ত, আর আইপিএল শেষ হবে মাসের শেষ দিকে।
আইপিএল থেকে নাম প্রত্যাহারের পরই পিএসএলের ড্রাফটে নাম দেওয়ায় মুস্তাফিজের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। সব মিলিয়ে আইপিএল অনিশ্চয়তার পর পিএসএলে মুস্তাফিজের আগমন ক্রিকেট অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
Leave a Reply