তিস্তা টিভি ডেক্স,
ঢাকা, ০৭ নভেম্বর: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ যোগ দিতে এসে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে ২ জন গ্রাম পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। খবর নিয়ে জানা গেছে, সমাবেশস্থলে আসার পথে তারা তীব্র গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া গরমে অসুস্থ হয়ে আরও কয়েকজন সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত সদস্যরা হলেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো: জমসেদ আলী (৪৭) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।
খবর পেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম কুর্মিটোলা ও সোহরাওয়ার্দী হাসপাতালে যান। তিনি চিকিৎসাধীনদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সব চিকিৎসার ব্যয়ভার বহনের ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রত্যেকের পরিবারকে নগদ ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে নিহতদের পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরিতে নিয়োগ দেওয়ার আশ্বস্ত দেন তিনি। সরকারি খরচে মরদেহ নিজ গ্রামে পাঠানো ও দাফনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply