তিস্তা টিভি ডেস্ক
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশ করা হয়েছে। এবারের ফলাফলে সারাদেশ থেকে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে মেধার ভিত্তিতে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন।
রোববার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরেন।
মন্ত্রী জানান, এবারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন, যা মোট বৃত্তিপ্রাপ্তের ৪৫ দশমিক ২৯ শতাংশ। অন্যদিকে ছাত্রী রয়েছে ৪৩ হাজার ৩৫৪ জন, যা ৫৪ দশমিক ৭১ শতাংশ। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়া, পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং ভবিষ্যতের জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা-২০২৬ অনুযায়ী এবার মোট ৮২ হাজার ৫০০টি বৃত্তি দেওয়ার পরিকল্পনা ছিল। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ বৃত্তিতে ৪৯ হাজার ৫০০টি বৃত্তি নির্ধারিত ছিল। তবে চূড়ান্ত ফলাফলে বিভিন্ন যাচাই-বাছাই শেষে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
এবারের পরীক্ষায় অংশ নেয় দেশের ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয়। এর মধ্যে সরকারি বিদ্যালয় ছিল ৬৫ হাজার ৬০৫টি এবং বেসরকারি বিদ্যালয় ১৩ হাজার ২০৫টি। পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল মোট ৬ লাখ ৪৫ হাজার ৪১ জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন, যা মোট নিবন্ধিত শিক্ষার্থীর ৬৫ দশমিক ১১ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ট্যালেন্টপুল বৃত্তিতে সরকারি বিদ্যালয়ের ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৬ হাজার ৫৯০ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। আর সাধারণ বৃত্তিতে সরকারি বিদ্যালয়ের ৩৬ হাজার ৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৯ হাজার ৮৬১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফলাফল অনলাইনে প্রকাশের কার্যক্রম শুরু হয়েছে। ওয়েবসাইটে সম্পূর্ণ ফলাফল আপলোড ও শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করতে কিছুটা সময় লাগতে পারে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনলাইনে ফল দেখতে আরও প্রায় ২ থেকে ৩ ঘণ্টা সময় প্রয়োজন হতে পারে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ফল প্রকাশের পর আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।
Leave a Reply