বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ এবং খাদ্যপণ্য সরবরাহসহ শিল্পখাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে কৃষিপণ্য, সার, ভোজ্যতেল, ডাল, ছোলা, চিনি, ইউরিয়া ও পাটসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সোমবার (২৯ জুন) শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান (টিসিপি)-এর চেয়ারম্যান আসিম আজিম সিদ্দিকীর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ শিল্প মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশ নেন শিল্প সচিব আবদুন নাসের খান এবং বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খানও।
বৈঠকে বক্তৃতাকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন। তার মতে, সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় বাড়লে নতুন বিনিয়োগ ও ব্যবসায়িক সুযোগ তৈরি হবে, যা উভয় দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হবে।
তিনি আরও বলেন, সরকার বর্তমানে বাণিজ্য সহজীকরণ, শিল্পায়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে, যা ভবিষ্যতে দুই দেশের বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হবে।
অন্যদিকে, পাকিস্তানি প্রতিনিধি দলের প্রধান আসিম আজিম সিদ্দিকী জানান, পাকিস্তান বাংলাদেশে চাল, ডাল, ছোলা, সার ও ভোজ্যতেলসহ বিভিন্ন কৃষিপণ্য রপ্তানি বাড়াতে আগ্রহী। একই সঙ্গে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের পাকিস্তানি বাজারে উচ্চ চাহিদা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, সরকারি পর্যায়ে খাদ্যপণ্যের বাণিজ্য সহজীকরণের জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং টিসিপির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে এটি স্বাক্ষর হতে পারে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে আরও আলোচনা হয় আন্তর্জাতিক উৎস থেকে প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করার সম্ভাবনা নিয়েও। তবে এ ক্ষেত্রে বাংলাদেশের বিদ্যমান নীতিমালা ও আইনগত কাঠামো অনুসরণ করা হবে বলে জানানো হয়।
শেষে উভয় পক্ষ বাংলাদেশ-পাকিস্তান যৌথ ওয়ার্কিং গ্রুপ সক্রিয় করা, নিয়মিত ব্যবসায়িক প্রতিনিধি দল বিনিময় এবং কৃষি ও শিল্পখাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়।
Leave a Reply