ক্রীড়া ডেস্ক
দীর্ঘদিনের চোট কাটিয়ে ধীরে ধীরে পুরোনো ছন্দে ফিরছেন ব্রাজিল তারকা নেইমার। এবার তাকে আরও বেশি সময় মাঠে দেখা যেতে পারে বলে জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তার আশা, জাপানের বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমার আগের চেয়ে অনেক বড় ভূমিকা রাখতে পারবেন।
সোমবার যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হবে ব্রাজিল ও জাপানের এই লড়াই। পায়ের মাংসপেশির চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। সেই কারণেই স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাকে মাত্র ১৫ মিনিট খেলানো হয়েছিল। তবে সেই ম্যাচে কোনো শারীরিক সমস্যা অনুভব না করায় এবার তার খেলার সময় বাড়ানোর পরিকল্পনা করছে ব্রাজিলের কোচিং স্টাফ।
রোববার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে তাকে মাত্র ১৫ মিনিট খেলাতে হয়েছিল, কারণ তখনও পুরোপুরি প্রস্তুত ছিলেন না। এখন তিনি অনেক বেশি সময় খেলার মতো ফিট আছেন এবং দলকে সাহায্য করার অবস্থায় রয়েছেন।”
প্রায় আড়াই বছর পর স্কটল্যান্ড ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে ফিরেছেন নেইমার। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। জাপানের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে তার অভিজ্ঞতা ও সৃজনশীলতা দলের আক্রমণে নতুন মাত্রা যোগ করবে বলেই বিশ্বাস ব্রাজিল শিবিরের।
গ্রুপ পর্বে ব্রাজিল শুরুটা করেছিল মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র দিয়ে। এরপর হাইতি ও স্কটল্যান্ডকে টানা ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ সি-এর শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এবারের টুর্নামেন্টে ব্রাজিলের আক্রমণভাগও রয়েছে দুর্দান্ত ছন্দে। ভিনিসিয়ুস জুনিয়র ইতোমধ্যে চারটি গোল করেছেন, আর মাতেউস কুনিয়া করেছেন তিনটি। তাদের সঙ্গে নেইমার পুরোপুরি ছন্দে ফিরতে পারলে ব্রাজিলের আক্রমণ আরও ভয়ংকর হয়ে উঠবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
এখন দেখার বিষয়, জাপানের বিপক্ষে আনচেলত্তি ঠিক কত মিনিটের জন্য নেইমারকে মাঠে নামান এবং ব্রাজিলের জার্সিতে প্রত্যাবর্তনের পর তিনি কতটা প্রভাব ফেলতে পারেন।
Leave a Reply