তিস্তা নিউজ ডেস্ক
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে এবং কোনো অসহায় মানুষ যেন আইনের সুরক্ষা থেকে বঞ্চিত না হয়। তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারক ও আইনজীবীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনি সহায়তা দিবস উপলক্ষে লিগ্যাল এইড আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, সরকার আইনি সহায়তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে কাজ করছে, যাতে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী সহজেই ন্যায়বিচার পেতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সিনিয়র জেলা ও দায়রা জজ এসকে এম তোফায়েল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম, নারী ও শিশু ট্রাইব্যুনালের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছ জগলুল হোসেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াংকা এবং পিপি নুরতাজ আলম বাহারসহ আরও অনেকে।
এর আগে দিবসটি উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যেখানে বিচার বিভাগ, প্রশাসন ও আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে বিনামূল্যে আইনি সহায়তা সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয় এবং সাধারণ মানুষের জন্য লিগ্যাল এইড কার্যক্রম আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
পরে মন্ত্রী জেলা পরিষদের অর্থায়নে সদর উপজেলায় ৬ তলা ফাউন্ডেশন বিশিষ্ট চারতলা আধুনিক ডাকবাংলোর ঊর্ধ্বমুখী (৫ম-৬ষ্ঠ তলা) সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন। তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়ন ও বিচারিক সেবা সম্প্রসারণ একসঙ্গে এগিয়ে নিতে পারলেই জনগণের আস্থা আরও বাড়বে।
Leave a Reply