1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 4, 2026, 5:52 pm

আওয়ামী লীগ আর দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : Saturday, July 4, 2026
  • 21 Time View

তিস্তা টিভি ডেস্ক

বর্তমান কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ভবিষ্যতে আর কখনোই বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে দিল্লিতে। তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।”

তিনি আরও জানান, শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে বসে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সে সময় তারেক রহমানের সঙ্গে আলোচনা করে নির্ঘুম রাত কাটিয়ে আমরা দলকে সংগঠিত করেছি এবং অরাজনৈতিক পরিচয়ে জুলাই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হয়েছি—এটা ছিল পর্দার অন্তরালের বাস্তবতা।”

তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ধৈর্য ধারণ করা জরুরি। সরকার তার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে এবং উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, “জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করে। যারা এই চেতনা নিয়ে ব্যবসা করবে, তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে।”

এ সময় তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বলেন, শিগগিরই দলটিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV