1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 18, 2026, 6:29 pm

অভিনেতা জাহের আলভী কারাগারে, জামিন নামঞ্জুর

Reporter Name
  • Update Time : Thursday, June 18, 2026
  • 19 Time View

বিনোদন ডেস্ক

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোটপর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করে দুপুর আড়াইটার দিকে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

জামিন আবেদনে আসামিপক্ষ দাবি করে বলা হয়, জাহের আলভী এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। প্রেমের বিয়ে করার কারণে ব্যক্তিগত ক্ষোভ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে মামলাটি করা হয়েছে বলেও দাবি করা হয়। মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই বলেও উল্লেখ করা হয়।

এছাড়া আবেদনে বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে ক্রনিক অ্যাজমা ও ব্রঙ্কাইটিসে ভুগছেন। গত ১৩ জুন অ্যাজমা অ্যাটাকে গুরুতর অসুস্থ হয়ে তাকে বক্ষব্যাধি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা নিতে হয়। তাই তাকে কারাগারে আটক রাখলে জীবনঝুঁকি তৈরি হতে পারে—এমন যুক্তিও উপস্থাপন করা হয়।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ এ জামিনের বিরোধিতা করে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় আফরা ইবনাত ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ওই রাতেই ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে মামলা করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যায় বাধ্য হন।

শুনানিতে আসামিপক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ একাধিক আইনজীবী জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

জানা যায়, জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি সন্তান রয়েছে।

এই মামলায় এর আগে গত ৪ জুন আসামির মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV