তিস্তা টিভি ডেস্ক
ঈদুল আজহাকে সামনে রেখে নারী যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য পৃথক কোচ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (২৫ মে) রাজধানীর ফার্মগেটে ৬৫ বছরের ঊর্ধ্বে নাগরিক, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের বিশেষ কার্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজেই নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে রোববার (২৪ মে) রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তার নির্দেশনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম ও সিলেট রুটের দুটি ট্রেনে পরীক্ষামূলকভাবে নারীদের জন্য পৃথক কোচ চালু করা হয়েছে। ঈদের পর পর্যায়ক্রমে দেশের সব আন্তঃনগর ট্রেনে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে মেট্রোরেল সাড়ে চার মিনিট পরপর চলাচল করছে। ভবিষ্যতে নতুন কোচ সংযোজন করা গেলে যাত্রীচাপ কমানোর পাশাপাশি ট্রেন চলাচলের ব্যবধান আরও কমিয়ে আনা সম্ভব হবে।
শেখ রবিউল আলম বলেন, বয়স্ক ও প্রতিবন্ধীদের মতো শিক্ষার্থীদের জন্যও বিশেষ ছাড় কার্ড চালুর পরিকল্পনা করছে সরকার। এই কার্ডের মাধ্যমে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনে ২৫ শতাংশ পর্যন্ত ভাড়া ছাড়ের সুবিধা দেওয়া হবে।
ঈদযাত্রা নিয়ে তিনি বলেন, ঈদুল আজহাকে ঘিরে আগামী দুই দিনে দেড় কোটিরও বেশি মানুষ ঢাকা ছাড়তে পারেন। তবে অনেক যাত্রী নির্ধারিত টিকিট বা পরিবহনের জন্য অপেক্ষা না করে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াতের চেষ্টা করেন, যা নিরুৎসাহিত করা হচ্ছে।
মন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত সংখ্যক ফিটনেসবিহীন যানবাহন এখনও চলাচল করছে। ধাপে ধাপে এসব যান সড়ক থেকে সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হবে।
টাঙ্গাইলে সাম্প্রতিক সড়ক দুর্ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের ভুলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে সড়ক ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
Leave a Reply