তিস্তা টিভি ডেস্ক
জাতীয় সংসদে আরও কার্যকর, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক ভূমিকা পালনের জন্য সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের (এমপি) প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সংসদ সদস্য হিসেবে শুধু উপস্থিত থাকলেই হবে না, জনগণের প্রত্যাশা ও জাতীয় স্বার্থকে সামনে রেখে যুক্তিপূর্ণ ও বাস্তবসম্মত বক্তব্য উপস্থাপন করতে হবে।
সোমবার (১৮ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় প্রধানমন্ত্রী নারী এমপিদের উদ্দেশে বলেন, জাতীয় সংসদ দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের জায়গা। তাই একজন সংসদ সদস্য হিসেবে নিজেদের আরও দক্ষ ও যোগ্য করে তুলতে হবে। তিনি সংসদের কার্যপ্রণালি বিধি, আইন প্রণয়ন প্রক্রিয়া, রাষ্ট্রীয় নীতি এবং সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “জাতীয় সংসদে কথা বলার আগে পর্যাপ্ত তথ্য ও উপাত্ত নিয়ে প্রস্তুত থাকতে হবে। জনগণের সমস্যা, উন্নয়ন ও গণতন্ত্রের প্রশ্নে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, ধর্মের অপব্যাখ্যা কিংবা গুজব ছড়িয়ে কেউ যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি নিজ নিজ নির্বাচনি এলাকায় জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখারও আহ্বান জানান তিনি।
সভায় বর্তমান রাজনৈতিক বাস্তবতা, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন, সংসদীয় কার্যক্রমে নারী সদস্যদের অংশগ্রহণ এবং গণতান্ত্রিক পরিবেশ শক্তিশালী করার নানা দিক নিয়ে আলোচনা হয়। নারী সংসদ সদস্যরা তাদের মতামত, অভিজ্ঞতা ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, “দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি। এখন জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে মানুষের পাশে থাকতে হবে।”
সভায় বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা রুহুল কবির রিজভীসহ দলের ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপির সংরক্ষিত আসনের ৩৬ জন নারী সংসদ সদস্য অংশ নেন। তাদের মধ্যে ১৭ জন বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন এবং সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে নানা প্রস্তাব উপস্থাপন করেন।
Leave a Reply