বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)-তে অসচ্ছল সহশিল্পীদের জন্য কুরবানির আয়োজন করে প্রশংসা কুড়িয়েছেন। তবে গত কয়েক বছরের মতো এবারও এফডিসিতে কুরবানি দিচ্ছেন না তিনি।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমনি জানান, এবারের ঈদ তিনি পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে উদযাপন করবেন। দীর্ঘদিন পর আপনজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অভিনেত্রী।
পরীমনি বলেন, ২০১৬ সাল থেকে টানা কয়েক বছর এফডিসিতে কুরবানির আয়োজন করেছেন তিনি। সেই সময়ে কুরবানির মাংস অসচ্ছল শিল্পী, কলাকুশলী ও কর্মচারীদের মাঝে বিতরণ করা হতো। এতে অনেক সহশিল্পীর মুখে ঈদের হাসি ফুটত বলেও উল্লেখ করেন তিনি।
তবে ব্যক্তিগত ও পারিবারিক নানা কারণেই গত চার বছর ধরে এফডিসিতে কুরবানি দেওয়া থেকে দূরে আছেন এই অভিনেত্রী। তিনি বলেন, “আমি চাই এফডিসিতেও কুরবানিটা হোক। আমি থাকি বা না থাকি, সেখানে যারা আছেন, বিশেষ করে অসচ্ছল সহশিল্পীরা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন।”
অভিনেত্রী আরও জানান, তার নানু সবসময় চাইতেন তিনি ঈদের সময় গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটান এবং নিজের হাতে কুরবানির মাংস আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিতরণ করেন। কিন্তু প্রায় আট-নয় বছর ধরে এফডিসির আয়োজন নিয়ে ব্যস্ত থাকায় সেই সুযোগ হয়ে ওঠেনি।
পরীমনি বলেন, “একসময় মনে হয়েছে, এফডিসির দায়িত্ব এখন অন্যরাও ভালোভাবে পালন করছেন। তখন থেকেই আবার পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, ঈদ শুধুই আনুষ্ঠানিকতা নয়, এটি আনন্দ ভাগাভাগি করার উপলক্ষ। তাই নিজের অবস্থান থেকে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন তিনি।
সবশেষে পরীমনি বলেন, “আমি জানি না কতটুকু করতে পারছি, তবে চেষ্টা করি ঈদটাকে সবার জন্য আনন্দময় করতে। ঈদ মানেই খুশি, ভালোবাসা আর একসঙ্গে থাকার অনুভূতি। আমি চাই সবার মুখে হাসি থাকুক।”
Leave a Reply