বিনোদন ডেস্ক
কান চলচ্চিত্র উৎসবের নতুন প্রচারণামূলক ভিডিওতে বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের অনুপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও কেন তাকে প্রচারণায় রাখা হয়নি—এ প্রশ্নই এখন ঘুরছে ভক্তদের মুখে মুখে।
২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবকে সামনে রেখে গত ১০ মে ল’রিয়েল প্যারিস তাদের নতুন প্রচারণামূলক ভিডিও প্রকাশ করে। ভিডিওটিতে কানের একটি বিখ্যাত হোটেল ভবনের গায়ে বিশাল আকারের ব্র্যান্ডিং পোস্টার স্থাপনের দৃশ্য দেখানো হয়। সেখানে আলিয়া ভাট, ভায়োলা ডেভিস, ইভা লনগোরিয়া ও হেলেন মিরেনসহ কয়েকজন আন্তর্জাতিক তারকাকে দেখা গেলেও অনুপস্থিত ছিলেন ঐশ্বরিয়া রাই।
ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, “অ্যান্ড অ্যাকশন! কানের সবচেয়ে আইকনিক ভবনটি উৎসবের রঙে সেজে উঠছে।” তবে ভিডিও প্রকাশের পরপরই ইনস্টাগ্রাম ও এক্সে ভক্তদের একটাই প্রশ্ন—“ঐশ্বরিয়া কোথায়?”
অনেক ভক্তের মতে, কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে ঐশ্বরিয়ার নাম যেন অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। ২০০৩ সালে ল’রিয়েল প্যারিসের বৈশ্বিক শুভেচ্ছাদূত হওয়ার পর থেকে তিনি নিয়মিত কানের লাল গালিচায় অংশ নিয়ে আসছেন। দুই দশকের বেশি সময় ধরে তিনি শুধু ভারতের নয়, বরং পুরো এশিয়ার অন্যতম পরিচিত মুখ হিসেবে কানের মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন।
বিশেষ করে তার শাড়ি, গাউন, মেকআপ ও স্টাইল স্টেটমেন্ট প্রতি বছরই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছে। ফলে এবারের প্রচারণামূলক ভিডিওতে তার অনুপস্থিতি সহজেই নজরে পড়ে ভক্তদের।
অন্যদিকে নতুন প্রচারণায় বিশেষ গুরুত্ব পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। টানা দ্বিতীয়বারের মতো ল’রিয়েল প্যারিসের বৈশ্বিক শুভেচ্ছাদূত হিসেবে কান উৎসবে অংশ নিচ্ছেন তিনি। ভিডিওতে তার দৃশ্যমান উপস্থিতির কারণে সামাজিকমাধ্যমে ঐশ্বরিয়া ও আলিয়াকে ঘিরে তুলনামূলক আলোচনা শুরু হয়েছে।
কেউ কেউ মনে করছেন, ব্র্যান্ডটি হয়তো ধীরে ধীরে তরুণ প্রজন্মের তারকাদের সামনে নিয়ে আসার কৌশল নিয়েছে। আবার অনেকে বলছেন, ঐশ্বরিয়ার মতো দীর্ঘদিনের আইকনিক মুখকে বাদ দেওয়া ব্র্যান্ডের জন্য নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে।
বিতর্ক বাড়তে থাকলে পরে ল’রিয়েল প্যারিস এক বিবৃতিতে জানায়, এবারের কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করবেন ঐশ্বরিয়া রাই বচ্চন, আলিয়া ভাট এবং অদিতি রাও হায়দারি। তবে এই ঘোষণার পরও প্রথম প্রচারণামূলক ভিডিওতে ঐশ্বরিয়ার অনুপস্থিতি নিয়ে আলোচনা থামেনি।
বিশ্লেষকদের মতে, কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া শুধু একজন অভিনেত্রী নন, বরং ভারতীয় গ্ল্যামার ও ফ্যাশনের একটি বৈশ্বিক প্রতীক। তাই তাকে ঘিরে ভক্তদের আবেগ এবং প্রত্যাশাও অন্যদের তুলনায় অনেক বেশি।
Leave a Reply