তিস্তা টিভি ডেস্ক
আসন্ন ঈদুল আজহার যাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবার কোনো যাত্রী নৌকা বা স্পিডবোট ব্যবহার করে নদীর মাঝপথ থেকে লঞ্চে উঠতে পারবে না।
সোমবার (১১ মে) দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, গত ঈদে ঘটে যাওয়া দুটি নৌ দুর্ঘটনার পর উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে নৌ দুর্ঘটনা রোধে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম সিদ্ধান্ত হলো সদরঘাট এলাকায় নৌকা ও স্পিডবোট থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ করা।
তবে যাত্রীরা নির্ধারিত টার্মিনাল পন্টুন ব্যবহার করে লঞ্চে উঠতে পারবেন বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ফেরিতে গাড়ি ওঠানোর সময় চালকদের যাত্রী নামিয়ে গাড়ি ওঠাতে হবে। নিরাপত্তা জোরদারে ফেরি পন্টুনের বেষ্টনী আরও উঁচু ও শক্তিশালী করা হচ্ছে।
ঈদের আগে ও পরে মোট ১০ দিন (২৩ মে থেকে ২ জুন) বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া রাতের বেলায় স্পিডবোট চলাচলও নিষিদ্ধ থাকবে।
সদরঘাটে যাত্রী চাপ কমাতে ঢাকার বসিলা ঘাট এবং পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ঘাট থেকে লঞ্চ সার্ভিস চালু করা হবে। যাত্রীদের যাতায়াত সহজ করতে কুড়িল বিশ্বরোড থেকে শিমুলিয়া পর্যন্ত বিআরটিসির শাটল বাস সার্ভিস চালু থাকবে।
ঈদের আগে তিন দিন এবং পরে তিন দিন (২৫ মে থেকে ৩১ মে) নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে। তবে কোরবানির পশুবাহী ট্রাক অগ্রাধিকার পাবে।
সদরঘাটে যাত্রীদের জন্য নিয়মিত ট্রলি সেবা এবং অসুস্থ ও বয়স্ক যাত্রীদের জন্য হুইলচেয়ারের ব্যবস্থা রাখা হবে।
কোরবানির পশুবাহী নৌযান ঘাটে ভিড়ানোর সময় কোনো ধরনের হয়রানি করা যাবে না। এসব নৌযানে গন্তব্য ঘাট স্পষ্টভাবে ব্যানারে উল্লেখ করতে হবে।
কোনো লঞ্চ বা নৌযান নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিতে পারবে না বলেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply