1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 7, 2026, 11:20 am

শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন হচ্ছে : পানিসম্পদ মন্ত্রী

Reporter Name
  • Update Time : Thursday, May 7, 2026
  • 17 Time View

জেলা প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ অনুসরণ করেই বিএনপি সরকার দেশের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (৭ মে) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায় ২.১০ কিলোমিটার দীর্ঘ হোসেন্দী খালের পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচনি ইশতেহার ও জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। দেশের বিভিন্ন অঞ্চলে খাল পুনঃখনন, নদী-নালা সংস্কার এবং পানি ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো ও জলাবদ্ধতা নিরসনে ধারাবাহিকভাবে কাজ চলছে।

তিনি আরও বলেন, “উন্নয়ন শুধু অবকাঠামো নয়, এটি মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। হোসেন্দী খালের পুনঃখনন স্থানীয় কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে হোসেন্দী ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধান হবে। পাশাপাশি সেচ সুবিধা বৃদ্ধি পাওয়ায় কৃষি ও মৎস্য উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে। পর্যায়ক্রমে গজারিয়া উপজেলার অন্যান্য এলাকাতেও এ ধরনের প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে জানান, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এই ২.১ কিলোমিটার দীর্ঘ খালটি পুনঃখনন করা হচ্ছে। ২০২৫–২০২৬ অর্থবছরের প্রকল্পটির জন্য বরাদ্দ ধরা হয়েছে ৪৯ লক্ষ ৭৫ হাজার ৯৫৪ টাকা।

তিনি আরও জানান, খালটি পুনঃখনন সম্পন্ন হলে এলাকাজুড়ে জলাবদ্ধতা হ্রাস পাবে, সেচ ব্যবস্থার উন্নতি ঘটবে এবং ধান, শাকসবজি ও মাছ উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি আসবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী মাহবুব, জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা, গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV