তিস্তা নিউজ ডেস্ক
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য জঙ্গি হামলার সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা জারি করা হয়। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতার পরিকল্পনা এবং সাম্প্রতিক গ্রেপ্তার হওয়া কয়েকজন সদস্যের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সব জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সব ইউনিটকে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় নাশকতার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এতে আরও বলা হয়, হামলায় বোমা বিস্ফোরণের পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের আশঙ্কাও রয়েছে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও থাকতে পারে বলে গোয়েন্দা তথ্যের ইঙ্গিত মিলেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই পরিস্থিতিতে সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরসহ সংবেদনশীল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং নিয়মিত তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Leave a Reply