ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ–নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের শেষ ম্যাচকে সামনে রেখে টিকিটমূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটির সর্বনিম্ন টিকিটমূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এই মূল্যতালিকা প্রকাশ করে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্টেডিয়ামের পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা এবং পশ্চিম গ্যালারির টিকিট ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডে প্রবেশের জন্য টিকিটের মূল্য ধরা হয়েছে ৬০০ টাকা করে।
সবচেয়ে বেশি দামে, ২৫০০ টাকায় দর্শকরা চারটি প্রিমিয়াম স্থান থেকে খেলা উপভোগ করতে পারবেন। এগুলো হলো— পূর্ব পাশের গ্র্যান্ড স্ট্যান্ড, পশ্চিম পাশের গ্র্যান্ড স্ট্যান্ড, পূর্ব পাশের রুফটপ প্যাভিলিয়ন ইন্ড এবং পশ্চিম পাশের রুফটপ প্যাভিলিয়ন ইন্ড।
এদিকে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে ২৬ রানে জয় পায় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। একই ভেন্যুতে কিউইদের ১৯৮ রানে আটকে রেখে ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য পূরণ করে স্বাগতিকরা।
বাংলাদেশের এই জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাহিদ রানা। তিনি ৩২ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ড ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। পাশাপাশি তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত উদ্বোধনী জুটিতে ১২০ রানের বড় পার্টনারশিপ গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে এবং ২ মে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
Leave a Reply