ক্রীড়া ডেস্ক
জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে সরিয়ে দেওয়া হলে, বিসিবির কার্যক্রম চালাতে গঠন করা হয় ১১ সদস্যের একটি অ্যাড-হক কমিটি। দায়িত্ব পাওয়ার পরদিন মঙ্গলবার বৈঠকে বসলেও তখনো নির্দিষ্ট কোনো দায়িত্ব পাননি সদস্যরা।
অবশেষে বুধবারের বৈঠকে পরিষ্কার করা হয় কে কোন বিভাগ সামলাবেন—এর মধ্য দিয়ে পূর্ণতা পেল নতুন এই কমিটির কার্যক্রম কাঠামো।
কমিটির সভাপতি তামিম ইকবাল নিজের কাঁধে তুলে নিয়েছেন ওয়ার্কিং ও ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্টের দায়িত্ব। দেশের ক্রিকেটের মূল প্রতিযোগিতা পরিচালনার দায়িত্ব গেছে মিনহাজুল আবেদীন নান্নুর হাতে, তিনি নেতৃত্ব দেবেন টুর্নামেন্ট কমিটিকে। মাঠসংক্রান্ত বিষয়গুলো দেখবেন রফিকুল ইসলাম বাবু।
নারী ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়েছে রাশনা ইমামকে, সঙ্গে থাকছে মেডিকেল বিভাগও। তরুণ ক্রিকেটারদের উন্নয়ন ও বয়সভিত্তিক টুর্নামেন্টের দেখভাল করবেন তানজিল চৌধুরি।
অন্যদিকে লজিস্টিক্স ও প্রটোকল সামলাবেন মির্জা ইয়াসির আব্বাস। মার্কেটিং, কমার্শিয়াল কার্যক্রম এবং শৃঙ্খলা বিষয়ক কমিটির দায়িত্ব একসঙ্গে পালন করবেন সালমান ইস্পাহানি।
আম্পায়ারদের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছেন আতাহার আলী। নিরাপত্তা এবং ক্রয়সংক্রান্ত বিষয় দেখবেন সৈয়দ ইব্রাহিম আহমেদ। গেম ডেভেলপমেন্ট ও বিপিএল তত্ত্বাবধানে থাকবেন ফাহিম সিনহা। আর অর্থ ও কল্যাণ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে ইসরাফিল খসরুকে।
তামিম ইকবাল: ওয়ার্কিং ও ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট
ফাহিম সিনহা: গেম ডেভেলপমেন্ট, বিপিএল
রফিকুল ইসলাম বাবু: গ্রাউন্ডস কমিটি
তানজিল চৌধুরি: বয়সভিত্তিক টুর্নামেন্ট
সালমান ইস্পাহানি: মার্কেটিং, কমার্শিয়াল ও ডিসিপ্লিনারি
রাশনা ইমাম: নারী ক্রিকেট ও মেডিকেল
ইসরাফিল খসরু: ফাইন্যান্স ও ওয়েলফেয়ার
সৈয়দ ইব্রাহিম আহমেদ: সিকিউরিটি, টেন্ডার অ্যান্ড পারচেজ
মিনহাজুল আবেদীন নান্নু: টুর্নামেন্ট কমিটি
মির্জা ইয়াসির আব্বাস: লজিস্টিক্স ও প্রটোকল
আতাহার আলী: আম্পায়ার কমিটি
Leave a Reply