তিস্তা নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের প্রাথমিক পর্যায়ের দুই লাখ শিক্ষার্থীর জন্য বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার শিক্ষাকে জাতির সবচেয়ে মূল্যবান বিনিয়োগ হিসেবে দেখে এবং গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে বদ্ধপরিকর।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা প্রশ্ন করলে প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারের পরিকল্পনা অনুযায়ী শিক্ষাক্ষেত্রে বরাদ্দ ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে। ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কার্যক্রমের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে কাজ করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে। ধাপে ধাপে সকল উপজেলায় এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এছাড়া, প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে স্কুল ফিডিং বা মিড-ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হবে।
নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ সমমানের সব শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। ডিজিটাল বিভাজন কমাতে ১,৫০০টি শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ স্থাপন করা হবে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অনন্য ‘এডু-আইডি’ প্রদান করা হবে।
মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার সঙ্গে সবার জন্য কারিগরি শিক্ষাও বাধ্যতামূলক হবে। দেশের সকল উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন এবং প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আধুনিকায়নের পাশাপাশি আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২,৩৩৬টি কারিগরি ও ৮,২৩২টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে।
মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে স্মার্ট ক্লাসরুম স্থাপন করা হবে, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হবে এবং কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করা হবে।
আইসিটি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আগামী ছয় মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ও ডিজাইন (ফ্লাটার), পাইথন প্রোগ্রামিং এবং এআই ভিত্তিক ডিজিটাল মার্কেটিংয়ে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেবে।
Leave a Reply