1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 5, 2026, 8:27 pm

শপিংমল ও দোকান বন্ধে নতুন সময়সূচি, জানাল সরকার

Reporter Name
  • Update Time : Sunday, April 5, 2026
  • 88 Time View

তিস্তা নিউজ প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি সাশ্রয়ে নেওয়া আগের সিদ্ধান্ত থেকে সরে এসে দোকানপাট ও শপিংমলের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব প্রতিষ্ঠান এখন থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত এ তথ্য জানান।

এর আগে জ্বালানি সংকট মোকাবিলায় গত ৩ এপ্রিল সরকার সিদ্ধান্ত দিয়েছিল, সন্ধ্যা ৬টার পর সব মার্কেট ও শপিংমল বন্ধ রাখতে হবে। তবে ব্যবসায়ীদের দাবির মুখে সেই সময় এক ঘণ্টা বাড়ানো হলো।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, সময়সীমা বাড়ানোর দাবিতে তারা সরকারের সঙ্গে বৈঠক করেন। সেখানে ব্যবসায়ীদের পক্ষ থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার প্রস্তাব দেওয়া হলেও শেষ পর্যন্ত সন্ধ্যা ৭টা পর্যন্ত চালুর সিদ্ধান্ত আসে। তিনি এ সিদ্ধান্তকে ইতিবাচক বলে উল্লেখ করেন।

সরকারি সূত্রগুলো জানায়, দেশের জ্বালানি সরবরাহের বড় অংশ—প্রায় ৮০ শতাংশ—মধ্যপ্রাচ্যনির্ভর। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে অফিস সময়েও পরিবর্তন আনা হয়েছে। সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংকিং কার্যক্রম শেষ হবে বিকাল ৩টায়, এবং ব্যাংক বন্ধ হবে বিকাল ৪টায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV