1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 5, 2026, 8:27 pm

র‍্যাব রাখা হবে কিনা—চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের

Reporter Name
  • Update Time : Sunday, April 5, 2026
  • 110 Time View

তিস্তা নিউজ প্রতিবেদন

গত ৯০ দিনে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৩০০ অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময়ে ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির নতুন মহাপরিচালক আহসান হাবিব পলাশ।

রোববার (৫ এপ্রিল) দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব তথ্য তুলে ধরেন।

র‍্যাবের ভবিষ্যৎ নিয়ে আলোচনার প্রসঙ্গে ডিজি পলাশ বলেন, বাহিনীটি থাকবে কিনা সে সিদ্ধান্ত সরকারের। তবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে র‍্যাবের প্রয়োজনীয়তা রয়েছে।

তিনি জানান, অতীতে কিছু কর্মকাণ্ডের কারণে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা আসে। তবে বর্তমানে দায়িত্বশীল কার্যক্রমের মাধ্যমে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে। গত দেড় বছরে পরিচালনাগত পরিবর্তনের ফলে বড় ধরনের অনিয়মের অভিযোগ কমেছে বলেও দাবি করেন তিনি।

ক্রসফায়ার সংক্রান্ত নথি তলবের বিষয়ে তিনি বলেন, বিচারিক কর্তৃপক্ষ চাইলে র‍্যাব প্রয়োজনীয় সব ধরনের তথ্য দেবে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ট্রাইব্যুনাল যোগাযোগ করেনি বলেও জানান।

র‍্যাব বিলুপ্তি নিয়ে দেশি-বিদেশি চাপের প্রশ্নে তিনি বলেন, এটি সম্পূর্ণ নীতিগত বিষয়, যা সরকার নির্ধারণ করবে। র‍্যাবের মূল লক্ষ্য হলো অর্পিত দায়িত্ব পালন এবং জনগণের আস্থা অর্জন।

জলদস্যুতা, বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এ সমস্যা মোকাবিলায় পুলিশ ও র‍্যাব একসঙ্গে কাজ করছে, যদিও কিশোরদের আইনের আওতায় আনা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়ায়।

র‍্যাবের নাম পরিবর্তন বা পুনর্গঠন প্রসঙ্গে তিনি বলেন, এটি সরকারের সিদ্ধান্তের বিষয়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো তদন্তাধীন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে ডিজি পলাশ বলেন, অতীতের কিছু বিচ্যুতির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। ত্রুটি সংশোধন করা গেলে ভবিষ্যতে এ ধরনের নিষেধাজ্ঞা থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV