তিস্তা নিউজ ডেস্ক
বগুড়ার সান্তাহারের বাগবাড়ী এলাকায় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পর দীর্ঘ ২২ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে উদ্ধার কাজ শেষ হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
উদ্ধার অভিযান শেষে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়া হয়। এরপর চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচলের মধ্য দিয়ে এই রুটে ট্রেন চলাচল পুনরায় চালু হয়।
এর আগে বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস সান্তাহারের বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঈদে ঘরে ফেরা শতাধিক যাত্রী আহত হন এবং রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন এনে সারারাত অভিযান চালানো হয়। এতে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে রেললাইন আংশিক মেরামত করা সম্ভব হয়।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানান, ট্রেন চলাচল শুরু হলেও দুর্ঘটনাস্থলে ধীরগতিতে ট্রেন চলবে এবং মেরামত কাজ অব্যাহত থাকবে।
এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহারের সহকারী স্টেশনমাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Leave a Reply