তিস্তা নিউজ ডেস্ক
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ পদত্যাগ করেছেন। সোমবার (১৬ মার্চ) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ফায়েজকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। একই সঙ্গে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও পরিবর্তন আসতে পারে বলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ফায়েজকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সংস্থাটির শীর্ষ পদে নতুন কাউকে নিয়োগের বিষয়ে আলোচনা হয়েছিল।
সূত্রের বরাতে জানা গেছে, ইউজিসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে সর্বমহলে প্রশংসিত। ইতোপূর্বে তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বর্তমান সময়ে বয়সের ভারে তিনি বিশ্ববিদ্যালয়গুলোর তদারকিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারছেন না। ইউজিসির অভ্যন্তরে বিভিন্ন অনিয়মের বিষয়গুলো সামলাতেও তিনি কার্যকর ভূমিকা রাখতে পারেননি। এই কারণগুলো মিলিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও তিনি শীর্ষ পদ থেকে সরে দাঁড়ালেন, তথাপি তার দীর্ঘ শিক্ষা ও প্রশাসনিক অভিজ্ঞতা শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রশাসনিক পরিবর্তন ও শীর্ষ নেতৃত্ব পুনর্গঠন এখন ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।
Leave a Reply