তিস্তা নিউজ ডেস্ক
নৈতিক শিক্ষার অবক্ষয় রোধ ও শিক্ষার্থীদের মূল্যবোধ গঠনে সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, নৈতিক শিক্ষা জোরদার করতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্যেই সারাদেশে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে। তিনি স্পষ্ট করেন, শুধু ইসলাম ধর্ম নয়—হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের জন্যই পৃথক শিক্ষক নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে, যাতে প্রতিটি ধর্মের শিক্ষার্থীরা নিজ নিজ ধর্মীয় শিক্ষা সঠিকভাবে গ্রহণ করতে পারে।
তিনি আরও জানান, দেশে পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, যা এসব প্রতিষ্ঠানের পাঠ্যক্রম, পরিচালনা ব্যবস্থা ও মান নিয়ন্ত্রণের বিষয়গুলো পর্যালোচনা করছে।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের করা আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে সরকার তাড়াহুড়া না করে প্রয়োজনীয়তা, অবকাঠামো ও মান বজায় রাখার বিষয়টি বিবেচনা করবে। তিনি বলেন, সরকার বিদ্যমান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নয়ন, গবেষণা কার্যক্রম বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
এছাড়া আরেক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য সরকার নতুন করে আবেদন আহ্বান করবে। একই সঙ্গে পূর্বে জমা দেওয়া আবেদনগুলো পুনরায় যাচাই-বাছাই করে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
এর আগে রোববার সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
সংসদের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। রোববার থেকেই রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। পরে তা মুলতবি করে রোববার পুনরায় শুরু করা হয়। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন বসবে বলে সিদ্ধান্ত হয়েছে।
Leave a Reply