তিস্তা নিউজ ডেস্ক:
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বিশ্বকাপের প্রথম দিনেই পাকিস্তান রুদ্ধশ্বাস জয়ে মাঠে নামল। নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারিয়ে ১৪৮ রানের লক্ষ্য তাড়া করে পাকিস্তান ১৯.৩ ওভারে জয় নিশ্চিত করে।
টস জিতে ফিল্ডিং নেওয়া পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সিদ্ধান্তে বোলাররা প্রথম থেকেই নিয়ন্ত্রণ রাখে। ডাচদের উদ্বোধনী জুটি মাইকেল লেভিট ও ম্যাক্স ও’ডাউড দ্রুত রান তুলতে চেয়েও বড় ইনিংস গড়ে তুলতে ব্যর্থ হন। লেভিট ১৫ বলে ২৪ এবং ও’ডাউড ৫ রানে আউট হন। দ্বিতীয় ও তৃতীয় উইকেটও দ্রুত পড়ে, যদিও স্কট এডওয়ার্ডস ২৯ বলে ৩৭ রান করেন। শেষ পর্যন্ত নেদারল্যান্ডস ১৪৭ রানে অলআউট হয়।
পাকিস্তানের হয়ে বল হাতে সফল ছিলেন সালমান মির্জা, ৩.৫ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। মোহাম্মদ নওয়াজ ও আবরার আহমেদ ২টি করে উইকেট নেন, শেষের দিকে সাইম আইয়ুব মাত্র ১ ওভারে ২ উইকেট তুলে নেদারল্যান্ডসের গতি থামান।
১৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং দেখায়। ওপেনার সাহিবজাদা ফারহান ৩১ বলে ৪৭ রান করেন, সাইম আইয়ুব ১৩ বলে ২৪ রান করে দ্রুত স্কোর এগিয়ে নেন। ১১.১ ওভারে পাকিস্তান ৯৮ রান করার পর মিডল অর্ডারের ধারাবাহিক উইকেট ক্ষয় তাদের চাপে ফেলে।
এক্ষেত্রে দায়িত্ব নেন ফাহিম আশরাফ। মাত্র ১১ বলে ২৯ রান করে তিনি ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেন। অন্যপ্রান্তে শাহিন শাহ আফ্রিদি ৫ রানে অপরাজিত থেকে সমর্থন দেন। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে পাকিস্তান লক্ষ্য পূরণ করে—রুদ্ধশ্বাস ৩ উইকেটের জয়।
নেদারল্যান্ডসের পল ভ্যান মিকারেন ও আরিয়ান দত্ত ২টি করে উইকেট নেন। মাঝের ওভারে তাদের শক্তিশালী বোলিং ম্যাচকে উত্তেজনাপূর্ণ করে তোলে। তবে ফাহিম আশরাফের বিধ্বংসী ইনিংস পাকিস্তানকে জয়ের স্বাদ এনে দেয়।
এই জয় পাকিস্তানের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ভারত ম্যাচ বয়কটের কারণে প্রতিটি ম্যাচই ডু অর ডাই। শুরুতেই বড় জয় তুলে নেয়ার পাশাপাশি নেট রান রেট ধরে রাখাও এখন তাদের জন্য চ্যালেঞ্জ।
Leave a Reply