1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 9:30 pm

নিরাপত্তা জোরদারে বৃহস্পতিবার রাজধানীসহ তিন জেলায় মোতায়েন হচ্ছে ৩৮ প্লাটুন বিজিবি

Reporter Name
  • Update Time : Wednesday, January 28, 2026
  • 80 Time View

তিস্তা নিউজ ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ তিনটি জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করবে বিজিবির ঢাকা সেক্টরের পাঁচটি ব্যাটালিয়নের সদস্যরা।

বুধবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের পাঁচ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান। তিনি জানান, ঢাকা সেক্টরের আওতাধীন বিজিবি ৫ ব্যাটালিয়নের মোট ৩৮ প্লাটুন সদস্য নির্বাচনকালীন দায়িত্বে মোতায়েন করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের দুটি আসনে ৬ প্লাটুন, ফরিদপুর জেলার চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জ জেলার তিনটি আসনে ৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। ভোটের আগে ও ভোটের দিন রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে।

এছাড়াও বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান। যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট), কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং প্রয়োজনে হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে এবার আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হয়েছে। বিজিবি সদস্যরা বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, এপিসি এবং আধুনিক সিগন্যাল সরঞ্জাম ব্যবহার করবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবার ভোটকেন্দ্রের ভেতরে বিজিবি প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই। প্রিজাইডিং অফিসার সহায়তা চাইলে কিংবা সহিংসতা বা জাল ভোটের আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে কেন্দ্রে প্রবেশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সরকার, নির্বাচন কমিশন ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV