নিজস্ব প্রতিনিধি,
লালমনিরহাট-২ সংসদীয় আসন (কালিগঞ্জ-আদিতমারী) এই মুহূর্তে আলোচনায় আছে স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্তকে ঘিরে। তিনি কালিগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকায় এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি কাকিনা মহিমারঞ্জন থেকে ২০০২ সালে এসএসসি এবং ২০০৪ সালে কাকিনা উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সাফল্যের সঙ্গে পাশ করেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ২০১১ সালে বিএসএসসি (অনার্স) এবং ২০১৩ সালে এমবিএস (মাস্টার্স) প্রথম শ্রেণিতে পাশ করেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবিতে অধ্যয়নরত।
শান্ত দীর্ঘদিন ধরে ব্যক্তিগত ও পারিবারিকভাবে সামাজিক কর্মকাণ্ডে জড়িত। মসজিদ, মাদরাসা ও মন্দিরে সহযোগিতা, রাস্তা-ঘাট সংস্কার, প্রতিবন্ধী ও অসহায়দের জন্য গৃহ নির্মাণ, গরীব ও এতিম ছাত্র-ছাত্রীদের শিক্ষায় আর্থিক সহায়তা—সবই তার নিয়মিত কর্মকাণ্ডের অংশ। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি এবছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে লড়ছেন।
তিনি ইতিমধ্যে দুই উপজেলার বিভিন্ন হাট-বাজার ও প্রত্যন্ত এলাকায় গণসংযোগ, পথসভা ও প্রতিশ্রুতি দিয়ে ভোট সংগ্রহ করছেন। শান্ত জানান, তরুণ সমাজের মধ্যে ইতিমধ্যেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। কারণ, ভবিষ্যতে দেশের নেতৃত্বে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
লালমনিরহাট-২ আসনটি (কালিগঞ্জ-আদিতমারী) জেলার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে দুটি উপজেলা এবং ১৬টি ইউনিয়ন রয়েছে, যেখানে মোট ভোটারের সংখ্যা ৪,৩২,৯৬৩ জন। মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যরা হলেন: মো. রোকন উদ্দীন বাবুল (ধানের শীষ, বিএনপি), মো. ফিরোজ হায়দার (দাঁড়িপাল্লা, জামায়াতে ইসলামি), মো. মাহফুজুর রহমান (হাতপাখা, ইসলামী আন্দোলন বাংলাদেশ), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল (কলম, জনতার দল), মো. এলাহান উদ্দিন (লাঙ্গল, জাতীয় পার্টি), নিমাই চন্দ্র রায় (কাস্তে, কমিউনিস্ট পার্টি)।
স্থানীয়রা মনে করেন, মমতাজ আলী শান্ত উদারপন্থী ও সমাজসেবামূলক কাজের জন্য পরিচিত। নির্বাচিত হলে দুই উপজেলাকে বিশ্বমানের দৃষ্টিনন্দন ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি ভোটারদের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে মোটরসাইকেল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply