নিজস্ব প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রবাস জীবন ছেড়ে দেশে ফিরে কৃষিতে সফলতা পেয়েছেন সাজিদ নামের এক যুবক। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সবজি চাষ করে অল্প সময়েই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল কৃষি উদ্যোক্তা হিসেবে।
নবীনগর উপজেলার বগডহর গ্রামের বাসিন্দা সাজিদ কয়েক বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটান। ছয় মাস আগে দেশে ফিরে হতাশা ঝেড়ে ফেলে কৃষিকে পেশা হিসেবে বেছে নেন তিনি। নিজ গ্রামের আহমেদ সিটি গার্ডেন এলাকার অনাবাদি পতিত জমি পরিষ্কার করে উপজেলা কৃষি অফিসের পরামর্শে করলা চাষ শুরু করেন।
৪০ শতাংশ জমিতে মালচিং পদ্ধতিতে জলবায়ু সহিষ্ণু ‘মহারানী’ হাইব্রিড জাতের করলা আবাদ করেন সাজিদ। কৃষি বিভাগের ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্টের আওতায় উপকরণ সহায়তা নেন এবং মালচিং, ড্রিপ ইরিগেশন ও সুষম সার ব্যবস্থাপনায় প্রশিক্ষণ গ্রহণ করেন।
আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদন খরচ কমেছে এবং ফলন বেড়েছে। এখন পর্যন্ত প্রায় ৭০০ কেজি করলা বিক্রি করে তিনি পেয়েছেন প্রায় ৪৫ হাজার টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দেড় মাসে আরও দেড় থেকে দুই লাখ টাকার করলা বিক্রির আশা করছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তারা বলছেন, সাজিদের সাফল্য প্রমাণ করে পরিকল্পিতভাবে কৃষিতে বিনিয়োগ করলে এটি লাভজনক ও টেকসই পেশা হতে পারে।
Leave a Reply