নিজস্ব প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের একাংশ) আসনে নির্বাচনী প্রচারণা চলাকালে আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ (গুগদ) গ্রামে উঠান বৈঠকে এ ঘটনা ঘটে। পরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রুমিন ফারহানাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাঁর এক অনুসারী পরিশোধ করেন।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উঠান বৈঠকে বক্তব্য দেওয়ার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হাসান খান পুলিশ সদস্যদের নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় বৈঠকে বাধা দেওয়া নিয়ে রুমিন ফারহানার সঙ্গে তাঁর তর্ক শুরু হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে রুমিন ফারহানাকে ম্যাজিস্ট্রেটের উদ্দেশে কড়া ভাষায় কথা বলতে ও ‘দিস ইজ দ্য লাস্ট টাইম, আই অ্যাম ওয়ার্নিং ইউ’ বলতে শোনা যায়। ভিডিওতে বৃদ্ধাঙ্গুলি দেখানো নিয়েও বাক্বিনিময়ের দৃশ্য দেখা যায়।
রুমিন ফারহানা অভিযোগ করেন, তাঁর প্রতিপক্ষ নিয়মিত আচরণবিধি লঙ্ঘন করলেও প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। বরং তাঁর উঠান বৈঠকে বারবার বাধা দেওয়া হচ্ছে এবং জরিমানা করা হচ্ছে। তিনি বলেন, তিনি কোনো স্টেজ বা সাউন্ড সিস্টেম ব্যবহার করেন না, শুধু হ্যান্ডমাইক ব্যবহার করেন।
অন্যদিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার বলেন, আচরণবিধি ভঙ্গের কারণেই অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং আইন সবার জন্য সমান।
উল্লেখ্য, বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করায় রুমিন ফারহানাকে ৩০ ডিসেম্বর দল থেকে বহিষ্কার করা হয়।
Leave a Reply