নিজস্ব প্রতিনিধি,
মুসল্লিদের জন্য অত্যন্ত প্রিয় স্থান জাতীয় মসজিদ বায়তুল মোকাররম স্থাপত্য ও সেবার দিক থেকে সংস্কারের অপেক্ষায় রয়েছে। ১৯৬০ সালে কাবাঘরের আদলে স্থপতি আব্দুল হোসাইন এম. থারিয়ানির নকশায় নির্মিত এই মসজিদ বেশ কয়েকবার সংস্কার হলেও পূর্বের জৌলুস হারিয়েছে। বিশেষত অপরিষ্কার বাথরুম ও ব্যবহারের অযোগ্য ওযুখানা মুসল্লিদের মধ্যে বিরক্তি সৃষ্টি করেছে। নামাজের সময় প্রয়োজনীয় টয়লেট ও ওযুর সুবিধার অভাব সচেতন নাগরিকদেরও উদ্বেগের কারণ।
প্রায় দেড় যুগ পর ইসলামিক ফাউন্ডেশন নতুন করে মসজিদ সংস্কারের প্রস্তাব দিয়েছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৯৯ কোটি টাকা, যার মধ্যে ১২৫ কোটি টাকা যাবে অনাবাসিক ভবন, মিনার, গেট ও অবকাঠামো উন্নয়নে। ২৪ কোটি টাকা খরচ হবে বিদ্যুৎ সংযোগে, আর সাত কোটি টাকা বরাদ্দ থাকবে অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপনের জন্য।
সংস্কারের আওতায় ৭০টি নতুন বাথরুম ও আধুনিক এক্সিলেটর স্থাপন করা হবে। মসজিদের পূর্বপাশে নতুন তিনতলা মিলনায়তন নির্মাণ এবং পশ্চিম ও উত্তরদিকে দুটি ওয়াকওয়ে তৈরি করা হবে। নারী মুসল্লিদের জন্য থাকা ওযুখানা ও টয়লেটও আধুনিকীকরণ করা হবে। নতুন মিনার নির্মাণের সময় পূর্বের নকশার সৌন্দর্য বজায় রাখার চেষ্টা করা হবে।
মসজিদের বর্তমান ধারণ ক্ষমতা ৪ হাজার মুসল্লি। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জানিয়েছেন, সংস্কারের মূল লক্ষ্য মুসল্লিদের ভোগান্তি কমানো এবং মসজিদের সৌন্দর্য ও কার্যকারিতা পুনরুদ্ধার করা।
Leave a Reply