নিজস্ব প্রতিনিধি,
সম্প্রতি দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান সংকট ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিল্পখাতে গ্যাস ও বিদ্যুৎ সংকট, আমলাতান্ত্রিক জটিলতা এবং হয়রানির বিষয়গুলো গুরুত্ব পায়। ব্যবসায়ীদের বক্তব্য শুনে তারেক রহমান আশ্বাস দেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়েই এসব সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
বৈঠক শেষে ব্যবসায়ী নেতারা জানান, দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, সীমিত সম্পদ ও অবকাঠামো কীভাবে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে তারেক রহমান গুরুত্ব দিয়ে মতামত শুনেছেন। আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে ডিসেম্বর ২০২৫ দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত হচ্ছে। উসমান হাদী হত্যাকাণ্ড, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং খালেদা জিয়ার প্রয়াণ—সব মিলিয়ে রাজনীতিতে নতুন মোড় ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।








Leave a Reply