নিজস্ব প্রতিনিধি,
ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে স্পষ্টভাবে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের সহায়তা করার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স পাঁচজনকে গ্রেপ্তার করেছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে তারা।
সোমবার পশ্চিমবঙ্গ পুলিশ তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে জানায়, এ ধরনের কোনো গ্রেপ্তারের ঘটনা ঘটেনি। তবে ওই পোস্টে ওসমান হাদি বা বাংলাদেশের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।
এর আগে রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ সম্মেলনে দাবি করেছিল, ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে এবং তাদের সহায়তাকারী হিসেবে মেঘালয় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তবে এই দাবি দ্রুতই নাকচ করে দেয় মেঘালয় পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
মেঘালয় পুলিশের মহাপরিচালক ইদাশিশা নংগ্রাং-এর বক্তব্য উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া জানায়, ওয়েস্ট গারো হিলস জেলায় খুনিদের সহায়তাকারী হিসেবে কাউকে গ্রেপ্তার করা হয়েছে—বাংলাদেশ থেকে এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। একইভাবে সংবাদ সংস্থা পিটিআইকে বিএসএফ-এর মেঘালয় সীমান্ত অঞ্চলের ইন্সপেক্টর জেনারেল ওম প্রকাশ উপাধ্যায় বলেন, হালুয়াঘাট সীমান্ত দিয়ে কেউ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছে—এমন কোনো প্রমাণ নেই।
তবে রবিবার রাতে ঢাকার পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার হওয়া আসামিদের জবানবন্দি ও সীমান্ত এলাকার বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তারা ওই দাবি করেছিল। বিষয়টি নিয়ে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যে স্পষ্ট ভিন্নতা দেখা যাচ্ছে।
Leave a Reply