নিজস্ব প্রতিনিধি,
২০২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এই তালিকায় আগের বছরের তুলনায় মোট ১২ দিন ছুটি কমানো হয়েছে। এতে বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবসে ছুটি বাতিলের পাশাপাশি পবিত্র রমজান মাসের প্রায় পুরো সময়জুড়ে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৭ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হতে পারে। সে ক্ষেত্রে ২১ রমজান পর্যন্ত নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু থাকবে। অর্থাৎ রমজান মাসের বড় একটি অংশে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত থাকতে হবে।
২০২৫ সালে রোজা, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে মোট ২৮ দিন ছুটি ছিল। কিন্তু ২০২৬ সালে এসব উপলক্ষে ছুটি কমিয়ে ১৯ দিন নির্ধারণ করা হয়েছে। একইভাবে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ছুটি ১৫ দিন থেকে কমিয়ে ১২ দিন করা হয়েছে। শীতকালীন অবকাশও একদিন কমানো হয়েছে।
নতুন ছুটির তালিকায় যেসব দিবসে আর ছুটি থাকছে না সেগুলোর মধ্যে রয়েছে—পবিত্র শবে মেরাজ, সরস্বতী পূজা, একুশে ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, পবিত্র আশুরা, শুভ জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও শুভ মহালয়া।
তবে কিছু ক্ষেত্রে ছুটি বাড়ানোও হয়েছে। আগে যেসব দিবসে ছুটি ছিল না, যেমন—পবিত্র শবে বরাত, বৈসাবি উৎসব ও ঈদে মিলাদুন্নবী, সেসব উপলক্ষে এবার একদিন করে ছুটি রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত শিক্ষা কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply